পদত্যাগ প্রশ্নে সরকারের টালবাহানা করার কোনও অবকাশ নেই বলে জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
মঙ্গলবার ও বুধবার (৪-৫ জুলাই) অনুষ্ঠেয় দুদিনের বৈঠক শেষে এ মতামত জানানো হয়। রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মঞ্চের পক্ষ থেকে বলা হয়, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারের পদত্যাগের প্রশ্নে টালবাহানা করার কোনও অবকাশ নেই। সংবিধানের দোহাই দিয়ে সরকার ও সরকারি দলের অবৈধ ক্ষমতা আঁকড়ে থাকারও কোনও সুযোগ নেই।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।
মুলতবি সভা শেষে গৃহীত এক প্রস্তাবে বলা হয়েছে, ‘২০১৪ আর ২০১৮ সালে নজিরবিহীন ভোট জালিয়াতি আর একতরফা নির্বাচনি তামাশার পর এই সরকারের অধীনে আর একটি সাজানো নীলনকশায় জাতীয় নির্বাচনের প্রশ্নটাই অবান্তর। দম্ভ ও কূটকৌশল পরিহার করে অবিলম্বে সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদ বাতিল করে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠায় সরকার ও সরকারি দলের প্রতি আহ্বান জানানো হয়।’
প্রস্তাবে বলা হয়, ‘সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিলেই কেবল সরকার ও সরকারি দলের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। এর আগে সরকার ও সরকারি দলের কোনও ফাঁদেই বিরোধী দলসমূহের পা দেওয়ার অবকাশ নেই।’









