নিবন্ধন না পাওয়ায় আগামী ২৫ জুলাই নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ।
মঙ্গলবার (১৭ জুলাই) যুগপৎ আন্দোলনের ১ দফা কর্মসূচির অংশ হিসেবে গণপদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুর এই ঘোষণা দেন।
এ সময় তিনি নির্বাচন কমিশনের কাউকে দেখলে ‘পচা ডিম ও থুতু দেওয়ার’ নির্দেশ দেন দলীয় নেতাকর্মীদের।
মঙ্গলবার বিকাল সোয়া ৪টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করে। পরে পুলিশের বাধায় কাকরাইল, মালিবাগ হয়ে মগবাজার মোড়ে এসে পদযাত্রা শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক নুর বলেন, সরকার আবারও ২০১৪ ও ১৮-এর মতো একটা নির্বাচন নির্বাচন খেলা আয়োজন করতে চাচ্ছে। কিন্তু মাঠ সমতল না করে নিরপেক্ষ রেফারি ঠিক না করে, কোনও সাজানো-পাতানো নির্বাচনে আমরা যাবো না।
তিনি আরও বলেন, আমাদের পরিষ্কার কথা, আমরা কোনও সংঘাত-সহিংসতা চাই না। সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।
এ সময় তিনি ষোষণা দেন, শর্ত পূরণের পরও গণঅধিকার পরিষদসহ সক্রিয় দলগুলোকে নিবন্ধন না দিয়ে সরকারের পৃষ্ঠপোষকতা ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় গড়ে ওঠা দুটি নামসর্বস্ব দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করার প্রতিবাদে আগামী ২৫ জুলাই নির্বাচন কমিশন ঘেরাও করবে গণঅধিকার পরিষদ।
পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যরা।









