‘সরকারের পদত্যাগ ও বিজয়ের প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে’ বলে মন্তব্য করেছেন ১২-দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা বলেন, ‘অবিলম্বে বর্তমান সরকারকে বিদায় নিতে হবে। তা ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
শুক্রবার (১১ আগস্ট) বিকালে রাজধানীর বিজয়নগরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
পরে শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন সড়ক থেকে এক গণমিছিল অনুষ্ঠিত হয়। জোটের গণমিছিল শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়।
১২-দলীয় জোট প্রধান জাতীয় পার্টির (জাফর) সভাপতি সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জোটের মুখপাত্র কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) এবং সার্বিকভাবে সমন্বয় ও সমাবেশ উপস্থাপনা করেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এ এস এম শামীম।
সমাবেশ ও গণমিছিলে অংশ নেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাশেদ প্রধান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান ড. জাভেদ মো. সালেউদ্দিনসহ ১২-দলীয় জোটের শীর্ষ নেতারা।









