জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।
দলের প্রেস উইংয়ের চিফ কো-অর্ডিনেটর শামীম হায়দার জানান, সভায় বিরাজমান জাতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, সদ্য সমাপ্ত জাকের পার্টির চতুর্থ জাতীয় কাউন্সিলের গুরুত্ব ও সফলতা, গণতন্ত্রের অগ্রযাত্রার অপরিহার্যতা ও পার্টির অবিরাম কর্ম প্রচেষ্টা, আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এবং জাকের পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
মোস্তফা আমীর ফয়সল কাউন্সিলে পুনরায় জাকের পার্টি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন প্রস্তাব; দেশজুড়ে শোকরানা মিলাদ মাহফিল এবং কাউন্সিল সফল করায় জাকের পার্টি, সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের তৃণমূল পর্যায় পর্যন্ত সর্বস্তরের নেতা-নেত্রী এবং সদস্যদের প্রতি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।









