‘দেশের সব শ্রমজীবী মানুষের প্রতি নির্দয় আচরণ করছে সরকার। শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে এক শ্রেণির মালিক শত শত কোটি টাকা বিদেশে পাচার করছে। সরকারের দালালি করে তারা এমপি-মন্ত্রী হতে মরিয়া। শ্রমিক শোষণকারী এমপি মন্ত্রীদের দিন ফুরিয়ে আসছে এবং শোষিত বঞ্চিত শ্রমিকদের অভিশাপে সরকারের পতন হবে।’
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজয় নগরস্থ বিজয়-৭১ চত্বরে আয়োজিত শ্রমিক সমাবেশে আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা এসব কথা বলেন।
সরকারের পদত্যাগ ও নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীতে আজ ‘শ্রমিক সমাবেশ ও বিক্ষোভের সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার। সমাবেশে এবি পার্টির নেতারা বলেন, বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য মজুরির কথা চিন্তা না করে চোর ও টাকা পাচারকারীদের ক্ষমতায়নে কাজ করছে। অবিলম্বে সরকারের পদত্যাগ না করলে, শ্রমিকদের ন্যায্য মজুরি না দিলে রাস্তায় নেমে তারা নিজের অধিকার আদায় করে নেবে।
সমাবেশে বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও বিএম নাজমুল হক, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল প্রমুখ।









