‘আওয়ামী লীগ সরকারের পদত্যাগ’, ‘প্রহসনের নির্বাচন বাতিল’, ‘সব রাজবন্দীর মুক্তি’ ও ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন’-এর দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ‘বিক্ষোভ ও প্রতিবাদী সমাবেশ’ পালন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় বিজয় একাত্তর চত্বরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এই বিক্ষোভ ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, ‘আজ আওয়ামী লীগ তার দলীয় লোক এবং কিছু দালাল দিয়ে নির্বাচনকে একটি পাতানো পুতুল খেলায় পরিণত করেছেন। এই পুতুল খেলায় এ দেশের জনগণ অংশ নেবে না।’
পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘দলবাজ ইসি সরকারি দলের তাঁবেদারি করতে করতে লজ্জা-শরম হারিয়ে এখন সভা-সমাবেশ বন্ধের চিঠি দিয়েছে। মনে হচ্ছে, সরকার জনরোষের ভয়ে ভীত, আর তর সইছে না। তারা নির্বাচন নামক প্রহসনের আগেই বাকশাল কায়েম করে ফেলতে চায়।’
সমাবেশে সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘দেশবাসী দেখতে পাচ্ছে নির্বাচন নামের প্রহসনে কী হচ্ছে! এই নির্বাচন মূলত লুটেরা আওয়ামী লীগ ও তাদের কেনা কিছু দালালের মধ্যকার নির্বাচন। এই নির্বাচন নামক নাটকের জন্য রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় কেন?’









