জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ৭ তারিখে ভোট দিতে কেউ নির্বাচন কেন্দ্রে যাবেন না। ভোট নামে এই তামাশাকে রুখে দিতে হবে।
রবিবার (২৪ ডিসেম্বর) ভোট বর্জনের গণসংযোগপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এ আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
জোনায়েদ সাকি বলেন, ‘ফ্লাইওভার, পদ্মা সেতু, মেট্রোরেল, টানেল দেখিয়ে এই সরকার দেশের মানুষের চোখ ধাঁধিয়ে দিতে চায়। এই উন্নয়ন বাজেট থেকে যে লাখ লাখ কোটি টাকা তারা চুরি করেছে সেটার কোনও হিসাব নাই। ১০০ টাকার মধ্যে ৬০ টাকা চুরি করেছে। দেশের ভেতর থেকেও ৫-৬ লাখ কোটি টাকার মতো পাচার হয়ে গেছে।’
গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন, ‘সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। আর খেলাপি ঋণ অন্তত ৩-৪ লাখ কোটি টাকা। এই ৯২ হাজার কোটি টাকা কখনও দেশে আসবে না, আসার সম্ভাবনাও নাই। লুটপাটতন্ত্র টিকিয়ে রাখার জন্য তারা (আওয়ামী লীগ) আবার ক্ষমতায় থাকতে চায়। লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক সংকটে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে।’
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন– বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।









