১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, ৭ তারিখ নির্বাচন হয়ে গেলে বিশ্বের কালো তালিকায় স্থান পাবে বাংলাদেশ। এমন পরিস্থিতি সৃষ্টি হলে বাংলাদেশে বিবিধ নিষেধাজ্ঞা আসতে পারে। তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকার এখন বিশ্বমানের স্বৈরাচার।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে পল্টন এলাকায় ‘শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে গণসংযোগ ও পদযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারাএসব কথা বলেন।
জোট নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার এখন বিশ্বমানের স্বৈরাচার। এই সরকারের অধীনে শুধু নির্বাচন নয়, দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং দেশের জনগণও নিরাপদ নয়। তাই জনগণ একদলীয় সরকারের অধীনে নির্বাচনকে বর্জন করবে।
গণসংযোগ ও পদযাত্রা শেষে বক্তব্য রাখেন— জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী খান আব্বাস, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম প্রমুখ।









