বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণার প্রতিবাদে আগামী এক মার্চ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন সকাল সাড়ে ১১টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বামজোটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এর আগে গত মঙ্গলবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, বিদ্যুতের দাম বাড়াতে যাচ্ছে সরকার। গ্রাহকপর্যায়ে প্রতি ইউনিটে গড়ে বিদ্যুতের দাম ৩৪ পয়সা বাড়তে পারে। তবে বেশি বিদ্যুৎ যারা ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ৭০ পয়সা পর্যন্ত দাম বাড়তে পারে। আগামী মার্চ মাস থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি।









