ইসলামের ছদ্মাবরণে উগ্রপন্থা ও উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে বলে দাবি করেছে ‘তরুণ আলেম প্রজন্ম-২৪’ নামে একটি সংগঠন।
শুক্রবার (৭ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, ইসলামের ছদ্মাবরণে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাম্প্রতিক সময়ে নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে মাথাচাড়া দিয়ে উঠেছে। বিভিন্ন উপায়ে তারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে।’
‘কখনও ইসলামী হুকুমত প্রতিষ্ঠার নামে, কখনওবা খেলাফত প্রতিষ্ঠার নামে এরা বিভিন্ন যায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যাদের সঙ্গে দেশের মূলধারার আলেম-উলামা, ইসলামী নেতৃবৃন্দ ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের কোনও সম্পর্ক নেই। এসব উগ্রবাদী গোষ্ঠীকে বিভিন্ন মহল থেকে উস্কে দেওয়ার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে। ধর্মীয় স্পর্শকাতর বিষয়ে বিতর্কিত মন্তব্য, কিংবা কটুক্তি করে এসব উগ্র ও চরমপন্থী গোষ্ঠীকে মাঠে নামিয়ে দেশকে অস্থিতিশীল করার একটি সূক্ষ্ম ষড়যন্ত্র বিরাজমান বলে প্রতীয়মান হচ্ছে।’
‘তরুণ আলেম প্রজন্ম-২৪’ এর পক্ষ থেকে এ ধরনের সব দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করতে সজাগ দৃষ্টি রেখে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। পাশাপাশি কোনো প্রোপাগাণ্ডায় বিভ্রান্ত না হয়ে দেশবিরোধী সকল চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য দেশের ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে সংগঠনটি।









