নির্বাচন কমিশনের (ইসি) বাছাইয়ে ‘জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি’ এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি (একাংশ) নামে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আরেক অংশের নেতারা। তারা হলেন—বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক, মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম, সহকারী মহাসচিব মাওলানা যোবায়ের হোসেন নেজামী, সহকারী মহাসচিব মাওলানা সাইফুল ইসলাম ও সংগঠন সচিব মাওলানা আনোয়ার হোসেন আনসারী।
বিবৃতিতে তারা বলেন, ২০২৪-এর জাতীয় নির্বাচনের আগে স্বৈরাচার সরকারের সময়ে সক্রিয় রাজনৈতিক দল বাদ দিয়ে সক্রিয়তা নেই এমন অনেক দলকে নিবন্ধন দিতে দেখা গেছে। বর্তমান নির্বাচন কমিশনও এমন অপকৌশলের পথে হাঁটছে। আমলনামায় কোনও রাজনৈতিক সক্রিয়তা নেই, এমন লোকজনকে নেজামে ইসলাম পার্টির নামে নিবন্ধন বাছাইয়ে উত্তীর্ণ করা হয়েছে।
তারা নির্বাচন কমিশনের বাছাইয়ে তাদের নেতৃত্বাধীন নেজামে ইসলাম পার্টিকে না রেখে ২০২৪-এর ডামি নির্বাচনে অংশগ্রহণকারী এবং ২০০৮ সালে শেখ হাসিনাকে ‘রাবিয়া বসরী’ উপাধি দেওয়া জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নামে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উল্লেখ্য, দেশে নেজামে ইসলাম পার্টি নামে কয়েকটি অংশ রাজনীতিতে সক্রিয় রয়েছে।
আরও পড়ুন:
‘জমিয়ত ও নেজামে ইসলাম পার্টি’র নামে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন









