আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলেছেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নিরপেক্ষ নির্বাচন করেছেন— এমন কর্মকর্তা প্রশাসনে নেই। অনেকে ভুয়া ও একতরফা নির্বাচনের সাক্ষী। আমরা অভিজ্ঞ লোকদের খুঁজে প্রয়োজনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছি।
মঙ্গলবার (২ আগস্ট) যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মঞ্জু অভিযোগ করেন, সরকারের ভেতরে সমন্বয়হীনতা কাজ করছে। বিশেষ করে নূরের ওপর হামলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তা প্রমাণিত। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সবাইকে নিয়ে বৈঠক করতে প্রধান উপদেষ্টাকে প্রস্তাব দিয়েছি। যেখানে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে একজন সাধারণ কর্মী অংশগ্রহণ করবেন। প্রয়োজনে কেউ কেউ জুমেও যুক্ত হতে পারবেন। এতে করে তাদের মধ্যে দায়িত্ববোধ জাগ্রত হতে পারে।
তিনি জানান, প্রধান উপদেষ্টা বলেছেন— সবাই মিলে নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।









