গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এটি জটিল কোনও প্রক্রিয়া নয়, রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার।’
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন অভিযোগ করেন, ‘কমিশনের কাজ ঢিলেঢালা। তারা চাইলে জুলাই সনদ আরও আগেই বাস্তবায়ন হতো। তবে দেরিতে হলেও হচ্ছে, এ জন্য কমিশনের প্রতি কৃতজ্ঞতা।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সনদ কার্যকরে কোনও কিছু বাধা হয় কিনা তা নিশ্চিত করে বলা যায় না। যেসব প্রস্তাব সংবিধানের সঙ্গে সম্পর্কিত, অধ্যাদেশের মাধ্যমে আইনি ভিত্তি দেওয়ার কথা বলেছি।’
এনসিপির এই নেতা আরও বলেন, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন সংবিধান রচনার বিকল্প নেই। এ ক্ষেত্রে লিগ্যাল ফ্রেম ওয়ার্ক পদ্ধতিকে অনুসরণ করা যেতে পারে।’
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন।









