ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে ‘কোদাল’ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সাইফুল হক ছাড়াও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নি শিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল মোশতাকসহ পার্টির কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
এ সময় সাইফুল হক সাংবাদিকদের বলেন, মানুষ গত ১৬ বছরে ভোট দিতে পারেনি। নির্বাচনের উৎসব মানুষ ভুলে গিয়েছিল। এবার তারা গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে প্রস্তুতি নিচ্ছে। মানুষ এবার সত্যি সত্যি ভোটের মাধ্যমে তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করবেন।
তিনি বলেন, তফসিল ঘোষণার পর পরই ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় প্রার্থী ও ভোটারদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা ও শঙ্কা তৈরি হয়েছে।
এবারের নির্বাচনে মূল চ্যালেঞ্জ হচ্ছে—জানমালের নিরাপত্তা নিশ্চিত করে ভোটারদের ভোট দিতে আগ্রহী করে তোলা। তিনি বলেন, সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটারদের সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে হবে।
তিনি রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানান।
প্রসঙ্গত, যুগপতের সঙ্গী হিসেবে এ আসন থেকে সাইফুল হক বিএনপির সমর্থন পেলেও স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির নেতা সাইফুল আলম নীরব ও জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির কেন্দ্রীয় নেতা সাইফুল আলম খান মিলন।









