জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মাধ্যমে ১০ দিনের নির্বাচনি সফর শুরু করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (২৫ জানুয়ারি) রাতে বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের ব্রিফিং করেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, আমাদের প্রার্থীদের আসন এবং যে গুরুত্বপূর্ণ শহরগুলোতে এনসিপি শক্তিশালী সেখানে পথসভা করবো। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী দিয়েছে। ১০ দলীয় জোটের পক্ষে আমরা ত্রিশ আসনে নির্বাচন করছি। আমরা সোমবার (২৬ জানুয়ারি) শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্যে দিয়ে আমাদের নির্বাচনি জনসংযোগ শুরু করবো। আমাদের প্রচারণার মূল লক্ষ্য হচ্ছে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব এবং হ্যাঁ ভোট জয়যুক্ত করা। আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই এবং আমাদের ইশতেহারের বিভিন্ন বিষয় আমরা উপস্থাপন করবো। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের ইশতেহার প্রকাশ করবো।
নির্বাচনে সার্বিক পরিস্থিতি নিয়ে আসিফ মাহমুদ আরও বলেন, আমরা শঙ্কা করছি প্রভাব বিস্তারের। আদালতের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা দেখা যাচ্ছে। আগে ক্ষমতাসীনরা ৪০-৫০ জন আইনজীবী পাঠিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করতো। কিন্তু বর্তমানে আমরা দেখছি বিভিন্ন আসনের প্রান্তিক এলাকা থেকে মানুষ নিয়ে এসে মব ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আমরা দ্বৈত নাগরিকদের যাতে নির্বাচন করতে না দেওয়া হয়, সেই বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি।
আসিফ মাহমুদ বলেন, আমরা আশা করছিলাম জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে। কিন্তু একটা রাজনৈতিক দলের দলীয় প্যাডে বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনের সাংবাদিকদের নাম আসছে। স্বাধীন সাংবাদিকতার জন্য দলীয় প্যাডে নাম আসা আশঙ্কাজনক। বিজ্ঞাপনের মোড়কে একটি দলের প্রচারণা চলছে। এখানে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার আশঙ্কা করছি। যদি মিডিয়ায় বিজ্ঞাপন আকারে দলীয় প্রচারণা করার সুযোগ থাকে, তাহলে শাপলা কলি ও দাঁড়িপাল্লাসহ সব দলকে সুযোগ দেওয়া হোক।
সাবেক এই সমন্বয়ক আরও বলেন, আমরা এই পদযাত্রার মাধ্যমে জোটের সব দলের প্রার্থীদের পক্ষেই কাজ করবো। আমরা একসঙ্গে একদিকে না গিয়ে বিভিন্ন দিকে আমাদের ভয়েস ছড়িয়ে দেওয়ার চিন্তা করেছি। আমরা আমাদের দলীয় প্রার্থীদের পাশাপাশি জোটের প্রার্থীদের প্রচারণা করবো।
এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।









