আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের ওপর নির্বাচন কমিশনের (ইসি) আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবারের মধ্যে এই সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে আগামীকাল মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই আলটিমেটাম দেন।
নাহিদ ইসলাম প্রশ্ন তুলে বলেন, “কার প্ল্যান মোতাবেক কমিশন এমন হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজ সন্ধ্যার মধ্যে, দিনের আলো থাকতে থাকতেই এই বিধিবিধান পরিবর্তন করতে হবে। অন্যথায় মঙ্গলবার আমরা কমিশন ঘেরাও কর্মসূচি পালন করবো।”
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আমলের নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল, বর্তমান কমিশন যদি কোনও ধরনের পক্ষপাতিত্বের চেষ্টা করে, তবে তাদের পরিণতি আরও ভয়াবহ হবে।
নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ইসির এমন কড়াকড়িকে ‘ভোট কারচুপির পূর্ব পরিকল্পনা’ হিসেবে আখ্যা দিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, “আমরা এতদিন ইসির বিষয়ে কিছু বলিনি। সব সহ্য করেছি। কিন্তু নির্বাচনের দ্বারপ্রান্তে এসে মিডিয়া ব্ল্যাকআউট করা, মানুষের কণ্ঠস্বর বা মানুষের তথ্য অধিকার রোধ করার কোনও আইন আমরা মেনে নেবো না।”
উল্লেখ্য, গত রবিবার (০৮ ফেব্রুয়ারি) ইসি এক নির্দেশনায় জানায়, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা এবং পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য ফোন রাখতে পারবেন। এছাড়া আর কেউ মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না।









