শোক প্রস্তাব থেকে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহারের দাবি গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৬, ১৭:২৮আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১৭:২৮

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। একইসঙ্গে সংসদের শোক প্রস্তাব থেকে যুদ্ধাপরাধে দণ্ডিতদের নাম অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফ্রন্টের নেতারা এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই একাধিক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে; যা মুক্তিযুদ্ধ, জাতীয় মর্যাদা এবং ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে প্রকাশ্য বিশ্বাসঘাতকতার শামিল।

নেতারা বলেন, সংসদের শোক প্রস্তাবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যায় অংশ নেওয়া আলবদর ও রাজাকার বাহিনীর সদস্য এবং দণ্ডিত যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি যে বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে জনগণের কাছে ভোট চেয়েছে, সেই দলেরই চিফ হুইপ যুদ্ধাপরাধীদের নাম প্রস্তাব করেছেন, যা অত্যন্ত লজ্জাজনক।

বিবৃতিতে বলা হয়, লাখো শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা সংসদ। সেখানে শহীদদের হত্যাকারীদের প্রতি শোক প্রকাশ করা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ার সামিল। এটি ইতিহাস, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং জাতির অস্তিত্বের বিরুদ্ধে একটি ঘৃণ্য অপরাধ।

নেতারা আরও বলেন, সংসদের ভেতরে জাতীয় সংগীত পরিবেশনের সময় স্বাধীনতাবিরোধী শক্তির প্রতিনিধিরা দাঁড়াতে গড়িমসি করে জাতীয় সংগীত ও জাতীয় মর্যাদার প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করেছেন; যা রাষ্ট্রদ্রোহিতার সামিল। ১৯৭১ সালে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হয়ে এ দেশের জন্ম ঠেকাতে চেয়েছিল, তারা আজও সংসদে বসে সেই পুরনো চরিত্রের পরিচয় দিচ্ছে।

বাম নেতারা আরও অভিযোগ করেন, সংসদের সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের একজন হিসেবে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত একজন ব্যক্তিকে সংসদের সম্মানজনক সভাপতিমণ্ডলীর প্যানেলে রাখা শুধু সংসদের মর্যাদাহানিই নয়, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতিও রাষ্ট্রীয় অবমাননা।

বিবৃতিতে নেতারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন হয়েছিল বৈষম্য ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে; মুক্তিযুদ্ধের ঘাতক ও গণহত্যার নায়কদের পুনর্বাসনের জন্য নয়। সেই অভ্যুত্থানে যে তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে, তারা রাজাকারের পুনর্বাসন দেখতে রাজপথে নামেনি।

তারা আরও বলেন, আওয়ামী লীগ একসময় মুক্তিযুদ্ধকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় ছিল এবং নিজেদের স্বৈরতান্ত্রিক ও দমনমূলক শাসন টিকিয়ে রাখতে মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। সেই দ্বিচারিতাই তাদের পতনের কারণ হয়েছে। ধর্মান্ধ শক্তিকে তোষণ করে বর্তমান সরকারও যদি একই পথে হাঁটে, তবে তাদেরও একই পরিণতি হতে পারে।

বিবৃতিতে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট দৃঢ়ভাবে দাবি জানায়—সংসদের শোক প্রস্তাব থেকে মুক্তিযুদ্ধবিরোধী ও গণহত্যায় অংশ নেওয়া দণ্ডিত যুদ্ধাপরাধীদের নাম অবিলম্বে প্রত্যাহার করতে হবে। জাতীয় সংগীতের সময় দাঁড়াতে অস্বীকার করা সংসদ সদস্যদের বিরুদ্ধে সংসদীয় বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত এটিএম আজহারুল ইসলামকে সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে অপসারণ করতে হবে।

বিবৃতিতে সই করেন গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফী রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণ ফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা এবং সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশীদ।

/এমকে/এমএএল/
সম্পর্কিত
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি