দলের নিবন্ধন ও দলীয় প্রতীক ‘মশাল’ পচ্ছে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাতান্ত্রিক দল (জাসদ)।
বুধবার নির্বাচন কমিশন হাসানুল হক ইনুর অনুকূলে দলের নিবন্ধন ও মশাল সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন তাদের (ইনু) অনুকূলে দলের নিবন্ধন ও প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। যে কোনও সময় চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
এদিকে নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের খবরে শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন জাসদের অপর অংশ আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে।
শরীফ নুরুল আম্বিয়া বলেন, আমরা এ রকম খবর শুনেছি, তবে আনুষ্ঠানিক চিঠি পাইনি। সিদ্ধান্ত যে দিকে যাচ্ছে বলে শুনতে পাচ্ছি, তাতে উভয় অংশকেই দীর্ঘ মেয়াদি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সম্প্রতি জাসদ দুটি অংশে বিভক্ত হওয়ার পরে উভয় অংশ স্ব স্ব অংশকে মূল দাবি করে নির্বাচন কমিশনের কাছে নিজেদের অনুকূলে দলীয় নিবন্ধন ও প্রতীক বরাদ্দ চেয়ে চিঠি দেয়। একই সঙ্গে তারা দুই অংশই চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাদের নিজ নিজ সমর্থিত প্রার্থীদের অনুকূলে দলীয় প্রতীক বরাদ্দেও ইসিকে পৃথক চিঠি দেয়। নির্বাচন কমিশন জাসদের উভয় অংশকে ডেকে শুনানির ব্যবস্থা করে। শুনানি শেষে আজ কমিশন হাসানুল হক ইনুকে দলের নিবন্ধন ও প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: চেহারায় ইলিশ, আসলে ইলিশ নয়
/আইএইচ/এসএনএইচ/এজে








