রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়াসহ অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে টিএসএসি চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি রাজু ভাস্কর্য ও কলাভবনসহ বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করে। এ সময় এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রদলকে দায়ী করেন নেতাকর্মীরা। ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও। এমন নানা স্লোগান দেন নেতারা।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সন্ত্রাসীদের যেকোনও অপতৎপরতা প্রতিহতের ঘোষণা দেন নেতারা।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দর কাদের ও ছাত্রলীগ সভাপতি সাদ্দামসহ ৯ জনের ফাঁসির রায় হওয়ার পরপরই গত দুই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া ঢাকায় বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করে আসছে ছাত্রদল।









