তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের সংকট দূর করে দাম সহনীয় পর্যায়ে রাখা, জ্বালানি নীতি পরিবর্তন, গণশুনানি আয়োজন, মজুতদারি বন্ধ ও বাজারে কঠোর মনিটরিংয়ের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন।
রবিবার (৪ অক্টোবর) দলের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান।
তারা বলেন, সরকারিভাবে এলপিজির দাম বাড়ানোর পাশাপাশি বাজারে সিলিন্ডারের সংকট ও অতিরিক্ত দামে বিক্রির কারণে জনজীবনে বিরূপ প্রভাব পড়বে। অবিলম্বে সংকট দূর করে দাম সহনীয় রাখতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নেতারা বলেন, জ্বালানির দাম নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনে স্বস্তি ফেরানো ও উৎপাদন খাতকে গতিশীল করার পরিবর্তে দাম বাড়ানোর নীতি অর্থনীতিতে স্থবিরতা ও মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি করছে। আমদানিকারক প্রতিষ্ঠানগুলো যাতে বাজারে একচ্ছত্র নিয়ন্ত্রণের সুযোগ নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও সরকারকে নজর দিতে হবে।
তারা আরও বলেন, অর্থনীতিতে গতি ফেরাতে জ্বালানির দাম যতটা সম্ভব না বাড়ানোর নীতি নিতে হবে। যেকোনও জ্বালানির দাম বাড়ানোর আগে গণশুনানির আয়োজন, মজুতদারি বন্ধ এবং পাইকারি ও খুচরা বাজারে কঠোর মনিটরিং নিশ্চিত করতে হবে, যাতে নির্ধারিত দামের বাইরে সিলিন্ডার বিক্রি না হয়।