গ্যারান্টি ক্লজ ও সালিশির বিধান রেখে নতুন করে গঙ্গার পানি বণ্টনের দাবি গণসংহতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৬, ১৯:৫০ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৯:৫২

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু বলেছেন, গ্যারান্টি ক্লজ ও সালিশির বিধান রেখে গঙ্গার পানিবণ্টন চুক্তি নতুন করে করতে হবে। এই চুক্তিকে ফলপ্রসূ করতে হলে বাংলাদেশকে বহুপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে যেতে হবে। তাহলেই পানির ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলনের উদ্যোগে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবাষিকী উপলক্ষে আয়োজিত ‘ফারাক্কা চুক্তির ৩০ বছর: অভিন্ন নদীর পানিবণ্টন ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মওলানা ভাসানী আমাদের শিখিয়ে গেছেন এই লড়াই জনগণকে সঙ্গে নিয়েই করতে হবে। পানির ন্যায্য হিস্যা আদায়ের প্রশ্নটি দেশের স্বার্থ, মানুষের স্বার্থ এবং দেশের পরিবেশের সঙ্গে যুক্ত। এতে জনগণকে ঐক্যবদ্ধ করেই আমাদের ন্যায্য হিস্যা আদায়ের জন্য সচেষ্ট হতে হবে।

নদী ও পরিবেশ বিশেষজ্ঞ মাহবুব সিদ্দিকী বলেন, ১৯৯৭ সালের জাতিসংঘের আন্তর্জাতিক নদীবিষয়ক সনদে বাংলাদেশের অবিলম্বে স্বাক্ষর করা উচিত। গঙ্গা একটি আন্তর্জাতিক নদী। এই নদীর পানির সঙ্গে ভারত, নেপাল, চীন ও বাংলাদেশ— চারটি দেশ সরাসরি সম্পৃক্ত। তাই চারটি দেশকে নিয়ে আলোচনার মাধ্যমে নতুন চুক্তি করতে হবে। তিনি বলেন, চুক্তিতে ভাটির দেশ হিসেবে বাংলাদেশের স্বার্থ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য গ্যারান্টি ক্লজ থাকতে হবে।

গণসংহতি আন্দোলন-জিএসএ’র নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, বাংলাদেশের জনগণের মধ্যে এমন একটি জাগরণ তৈরি হওয়া দরকার, যার ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র জনগণের স্বার্থ রক্ষাকারী চুক্তি করতে বাধ্য হবে অথবা সক্ষম হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার পতনকে ভারত তার বাংলাদেশ নীতির পরাজয় হিসেবে দেখছে। ভারতের নীতিনির্ধারকদের এই অবস্থান থেকে বেরিয়ে আসা প্রয়োজন।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, বাংলাদেশকে বাঁচতে হলে নদী ও পানির সমস্যার দ্রুত সমাধান করতে হবে। সরকারকে শুধু ভারতের দিকে তাকিয়ে না থেকে জাতিসংঘসহ বিভিন্ন দেশের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে ভারতের সঙ্গে এই সমস্যার আশু সমাধান করতে হবে। না হলে ২০৫০ সালের মধ্যে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে।

নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার বলেন, দেশের সরকারগুলো যতক্ষণ পর্যন্ত জনগণের ম্যান্ডেট ও ভোটের ভিত্তিতে ক্ষমতায় আসার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব না দেবে, ততক্ষণ পর্যন্ত এ ধরনের আলোচনা থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন। সরকার তিস্তার পানির ন্যায্য হিস্যা কিংবা গঙ্গার পানি বণ্টন চুক্তিতে বাংলাদেশের ন্যায্যতা নিশ্চিত করতে চাইলে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির ওপর নির্ভরশীলতা জনগণের মুখাপেক্ষী হতে হবে।

সভায় আরও অংশ নেন জিএসএর রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমী ও মনির উদ্দীন পাপ্পু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া, ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জুলহাসনাইন বাবু, ঢাকা উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবন, কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক আলিমুল কবির, কেন্দ্রীয় সদস্য লুভানা তাবাসসুম, কেন্দ্রীয় পরামর্শক পর্ষদের সদস্য গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইন এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত আরিফসহ জিএসএর নেতাকর্মীরা।

/এমকে/আরকে/
সম্পর্কিত
শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা
গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন
গঙ্গার পানি না আসলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক
ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক
ইরানে ফের হামলার ছক? আইজেনকোটের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক
ইরানে ফের হামলার ছক? আইজেনকোটের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক
রাজশাহীতে নাবিল গ্রুপের ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা
রাজশাহীতে নাবিল গ্রুপের ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা
ইরানকে আর হামলার লক্ষ্যবস্তু করতে চান না ট্রাম্প?
ইরানকে আর হামলার লক্ষ্যবস্তু করতে চান না ট্রাম্প?
সর্বাধিক পঠিত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের