নতুন করে আবারও ঐক্যবদ্ধ হতে হবে: জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৬, ২০:৫৩ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ২০:৫৩

গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, দেশের গণতান্ত্রিক জাতীয় পুনর্গঠনে, রাজনৈতিক, আর্থসামাজিক, সাংস্কৃতিক পুনর্গঠনে আমাদের ভূমিকা রাখতে হবে। এই ভূমিকার অংশ হচ্ছে, যারা গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় তাদের প্রতিরোধ করা। সেই কাজের জন্য আজকে নতুন করে আবার ঐক্যবদ্ধ হওয়া দরকার।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে রাজধানীর খামারবাড়িতে তুলা ভবনের কনফারেন্স রুমে আয়োজিত ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে গণসংহতি আন্দোলনের ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের শহীদ পরিবার ও আহত নেতাকর্মীদের সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, জুলাইয়ের সঙ্গে যুক্ত সব নেতাকর্মী, সংগঠকদের কাজ হচ্ছে জুলাই আন্দোলনকারী হাজারো, লাখো কোটি মানুষের মধ্যে আবারও সেই বার্তাটা নিয়ে যাওয়া যে, আমাদের ঐক্যবদ্ধভাবে একদিকে গণতান্ত্রিক রূপান্তরের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে। পতিত শক্তি কিংবা যেকোনও শক্তি যদি এখানে সন্ত্রাস, অরাজকতা, মব—নানাভাবে জনগণের মধ্যে ভীতি এবং সন্ত্রস্ত করার পথ অবলম্বন করে, সেটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। এই দুই দিকেই নজরদারি এবং দুই দিকেই ভূমিকা রাখা—এটা আমাদের সামনে এখন কর্তব্য।

জোনায়েদ সাকি বলেন, আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ, রিয়া গোপ থেকে শুরু করে জুলাই আন্দোলনের হাজারো শহীদ এবং এর পূর্ববর্তী ১৫-১৬ বছরের সংগ্রামের শহীদ ও নির্যাতনের শিকার সবাইকেই আমাদের স্মরণের মধ্যে রাখতে হবে। কারণ জুলাই গণঅভ্যুত্থান একদিনে বা ওই তিন সপ্তাহের মধ্যে কিংবা শুধু জুলাই মাসে তৈরি হয়নি। গণঅভ্যুত্থান তখনই হয় যখন একটা অত্যাচারী শক্তির বিরুদ্ধে জনগণের মধ্যে প্রত্যাখ্যানের একটা সাধারণ ভিত্তিভূমি তৈরি হয়। সমগ্র জনগণ রাজপথে নেমে যাচ্ছেন, এমনকি সন্তানসম্ভবা মায়েরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন। এ রকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে তখনই, যখন সমস্ত মানুষ ওই রকম একটা বোঝাপড়ার মধ্যে এবং সাধারণ উপলব্ধির মধ্যে থাকেন যে, এদের উৎখাত না করলে আমাদের কোনও মুক্তি নেই।

জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, আওয়ামী লীগ একটা জাতিবাদী ফ্যাসিবাদী দল। বাঙালি জাতীয়তাবাদকে ফ্যাসিবাদী কায়দায় ব্যবহার করে তারা ঠিক করতো কে বাঙালি, কে অবাঙালি, কে মুক্তিযুদ্ধের পক্ষে, কে বিপক্ষে। এগুলো ঠিক করে তারা মানুষকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করতো। এখনও বাংলাদেশে এ রকম শক্তি আছে, যারা আপনি আমি মুসলমান কি না সেটা ঠিক করতে চায়। তাদের রাজনীতি ফ্যাসিবাদী রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে। এতে আমাদের লড়াই একদিকে ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, অন্যদিকে, জনগণের গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই।  

জিএসএর রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু সভায় উপস্থিত দলের আহত জুলাই যোদ্ধা ও কর্মীদের উদ্দেশ্যে বলেন, খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের জন্য গণসংহতি আন্দোলনের রাজপথে থাকার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

জিএসএর ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবনের সভাপতিত্বে এবং দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ঢাকা জেলার সমন্বয়কারী বাচ্চু ভূঁইয়ার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জিএসএর শ্রমখাত বিষয়ক সম্পাদক আলিফ দেওয়ান, কেন্দ্রীয় সদস্য লুভানা তাবাসসুম। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত আরিফ, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য রাজা আহমেদ জুম্মন, জিএসএর হাতিরঝিল থানার সমন্বয়কারী আব্দুল কাদের খান, আশুলিয়া থানার আহ্বায়ক মো. তারেক হোসেন, ছাত্র ফেডারেশনের সাবেক নেতা সজল আহমেদসহ দল ও বিভিন্ন গণসংগঠনের আহত জুলাই যোদ্ধারা।

/এমকে/আইএএম/
সম্পর্কিত
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে যা বললেন জোনায়েদ সাকি
অর্থনীতি অস্থিতিশীলের চেষ্টা হলে সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী সাকি
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে: জোনায়েদ সাকি
সর্বশেষ খবর
ইনস্টাগ্রাম স্টোরি সম্পাদনায় নতুন সুবিধা, থাকছে সময়সীমা
ইনস্টাগ্রাম স্টোরি সম্পাদনায় নতুন সুবিধা, থাকছে সময়সীমা
বাংলাদেশের জন্ম-ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনী অঙ্গাঙ্গিভাবে জড়িত: প্রধানমন্ত্রী
বাংলাদেশের জন্ম-ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনী অঙ্গাঙ্গিভাবে জড়িত: প্রধানমন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে হুথিদের হামলা, নিন্দা জানালো বাংলাদেশ
রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে হুথিদের হামলা, নিন্দা জানালো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন এনসিপির সাবেক নেতা, বললেন ‘ক্ষমা চাই’
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন এনসিপির সাবেক নেতা, বললেন ‘ক্ষমা চাই’
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ