রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল (সাবেক-আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) এর পরিচালক (মেডিক্যাল সার্ভিসেস) হিসেবে যোগদান করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক। ১ নভেম্বর থেকে তার এই যোগদান কার্যকর হচ্ছে।
তিনি ১৯৮৮ সালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯০ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল কোরে সরাসরি ক্যাপ্টেন পদে যোগদান করেন।
তিনি সেনাবাহিনীতে যোগদানের পর সিসিডি, এমপিএইচ ও হাসপাতাল ম্যানেজমেন্টর ওপর এম.ফিল ডিগ্রি অর্জন করেন। এছাড়াও সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন; এরমধ্যে আর্মি মেডিক্যাল কোর সেন্টার অ্যান্ড স্কুল, বিভিন্ন ফিল্ড অ্যাম্বুলেন্স, বিভিন্ন সিএমএইচ ও আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ উল্লেখযোগ্য। ব্রিগে. জেনারেল ডা. এ কে মাহবুবুল হক ১১ ফিল্ড অ্যাম্বুলেন্স সাভার এবং সিএমএইচ সাভার এর অধিনায়ক ছিলেন। সামরিক চিকিৎসা মহাপরিদফতরে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মেডিক্যাল সার্ভিসেস, হেলথ এবং ১৭ পদাতিক ডিভিশন, সিলেটে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মেডিক্যাল সার্ভিসেস হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি মেজর, লে. কর্নেল, কর্নেল ও সর্বশেষে ২০১৬ সালে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন। ব্রিগেডিয়ার জেনারেল পদবীতে তিনি মার্চ ২০১৭ হতে মার্চ ২০১৯ পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ছিলেন। পাশাপাশি তিনি শহীদ ডা. সামছুদ্দিন সদর হাসপাতালের সুপরিনটেন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। মার্চ ২০১৯ থেকে এপ্রিল ২০২০ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পরিচালক (হাসপাতাল) হিসেবে দায়িত্ব পালন করেছেন।








