জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের ফ্রিল্যান্সিংয়ের ট্রেইনিং ও সার্টিফিকেট প্রদান কার্যক্রমে টেকনিক্যাল সাপোর্ট দিতে টেলিটক এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (১৪ নভেম্বর) এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে টেলিটক বাংলাদেশ লিমিটেড।
চুক্তির ফলে টেলিটক প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে ডিজিটাল পদ্ধতিতে প্রার্থীদের আবেদন গ্রহণ, এসএমএস’র মাধ্যমে আবেদন ফি গ্রহণ, অনলাইনে ও এসএমএসে রেজাল্ট প্রদান, অনলাইনে এডমিট কার্ড প্রদান করবে। যার ফলে ডিজিটাল পদ্ধতিতে আবেদন গ্রহণের জন্য একই সঙ্গে অর্থ, সময় ও শ্রম যথেষ্ট পরিমাণে হ্রাস করবে। এ বিষয়ে অনলাইনে আবেদন করার জন্য টেলিটকের বিশেষ ওয়েব লিংকে যেতে হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন‑ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য (প্রশাসন ও অর্থ) মো. নূরুল আমিন, যুগ্ম সচিব মো. আব্দুর রহমান, পরিচালক (প্রশাসন) উপসচিব এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, মহাব্যবস্থাপক (মার্কেটিং এন্ড ভ্যাস) শেখ ওয়াহিদুজ্জামান, এবং উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ আল রাজ্জাকুজ্জামান। এছাড়াও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








