'বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা' এখন থেকে 'বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা ফাউন্ডেশন' নামে পরিচিত হবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিজেদের কার্যক্রমকে আরও গতিশীল ও নির্বিঘ্ন করার প্রয়াসে সম্প্রতি জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, বাংলাদেশ দ্বারা নিবন্ধিত হয়ে নতুন এই নামকরণ করা হয়।
বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত প্রচার ও প্রসারে বিগত ৩৪ বছর ধরে 'বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা' একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। এ দেশের সঙ্গীতাঙ্গনে সর্বজন শ্রদ্ধেয় শিল্পী কলিম শরাফী, যিনি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, তার হাত ধরে শুরু হয়েছিল যে পথচলা, তা অব্যাহত রয়েছে আজও। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী তপন মাহমুদ - বর্তমান সভাপতি, শিল্পী আমিনা আহমেদ - নির্বাহী সভাপতি এবং শিল্পী পীযূষ বড়ুয়া- সাধারণ সম্পাদকের বলিষ্ঠ নেতৃত্বে এই পথচলা অব্যাহত রয়েছে।









