পোশাক খাতের শ্রমিকদের বিমা সেবার আওতায় আনার লক্ষ্যে বিকাশের মাধ্যমে প্রথমবারের মতো স্বাস্থ্য, সঞ্চয় ও জীবন বিমার সুবিধা নিয়ে বিশেষ ইনস্যুরেন্স পলিসি চালু করেছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স। এখন থেকে কারখানা প্রাঙ্গণে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের ‘আস্থা’ ও ‘বন্ধু’ পলিসি দু’টি নিতে পারবেন শ্রমিকরা।
রবিবার (৬ ফেব্রুয়ারি) গাজীপুরের তুরাগ গার্মেন্টস এন্ড হোসিয়ারি মিলস্ লিমিটেড এবং মাছিহাতা সোয়েটার্স লিমিটেড কারখানা দুটিতে শ্রমিকদের পলিসি খোলার মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের চিফ অপারেটিং অফিসার শামীম আহমেদ, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, তুরাগ গার্মেন্টস অ্যান্ড হোসিয়ারি মিলস্ লিমিটেডের পরিচালক লে. কর্নেল খালিক-উল হাসান (অব.)।
প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের কারখানা প্রাঙ্গণে অবস্থিত গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের বুথে গিয়ে নিজ নিজ বিকাশ অ্যাকাউন্ট দিয়ে ৫ ও ১০ বছর মেয়াদী বিমা পলিসি ‘গার্ডিয়ান আস্থা’ গ্রহণ করতে পারবেন যা ইন্টারেস্টসহ রিফান্ডেবল। এই পলিসিতে মাসিক ৫০০ ও ১০০০ টাকার প্রিমিয়াম পরিশোধ করে ২২ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ ৬ হাজার টাকা পর্যন্ত লাইফ কাভারেজ সুবিধাও নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, ‘গার্ডিয়ান আস্থা’ পলিসি নিয়ে চিকিৎসার জন্য ৫০,০০০ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা কাভারেজ নেওয়ার সুযোগও থাকছে গ্রাহকদের।








