টাঙ্গাইলের কালিহাতী, মাগুরার শালিখা ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করেছে সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন ভার্চুয়ালি যুক্ত থেকে ৩টি এজেন্ট আউটলেটের উদ্বোধন করেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা এবং এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’ থেকে প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’-ইসলামিক ব্যাংকিং-এর সেবা দেওয়া হবে। এ ছাড়াও গ্রাহকরা ‘স্বাগতম’-এর মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বি.ই.এফ.টি.এন-এর মাধ্যমে যে কোনও ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, বৈদেশিক রেমিট্যান্স সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, হিসাব খোলা ও শেয়ার লেনদেনের সুবিধা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ, জীবন বীমা সুবিধা, ইউটিলিটি বিল, সরকারি ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ ও ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
এছাড়াও গ্রাহকরা এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএম-এর মাধ্যমে প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা নিতে পারবেন।









