চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যুরো অব বিজনেস রিসার্চ (বিবিআর) ‘বিদেশে উচ্চতর অধ্যয়ন: অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য প্রেক্ষিত’ শীর্ষক এক ওয়েবিনারের আয়োজন করে। বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদ ও বিবিআর-এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।
ওয়েবিনারে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি, সিডনির সিনিয়র প্রভাষক ড. মো. মারুফ হোসেন চৌধুরী এবং যুক্তরাজ্যের টেসিড ইউনিভার্সিটির প্রভাষক ড. মো. নাজমুল ইসলাম এ বিষয়ক ভিন্ন দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে ড. সেলিম বলেন, ‘করোনা মহামারিতে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো শিক্ষার ক্ষেত্রে উন্নত দেশগুলোর তুলনায় অধিকতর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বর্তমান সময়ে বিদেশে পড়াশোনা গুরুত্ব পাচ্ছে।’
এ সময় তিনি কিছু পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘২০১৯ সালে সারা পৃথিবীতে বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬০ লাখ। ২০০০ সালে যার সংখ্যা ছিল মাত্র ২০ লাখ। এই শিক্ষার্থীদের এক তৃতীয়াংশ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যে পড়াশোনা করেন। ২০১৯ সালে বাংলাদেশ থেকে মোট ৪৪ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী পড়াশোনার জন্য বিদেশে যান। এর মধ্যে যুক্তরাষ্ট্রে আট হাজার ১১২ জন, যুক্তরাজ্যে দুই হাজার ৬৪৫ জন, অস্ট্রেলিয়াতে ছয় হাজার ১৯১জন, মালয়েশিয়াতে ছয় হাজার ৯০৪ জন, কানাডায় তিন হাজার ৭৩৫ জন এবং জার্মানিতে দুই হাজার ৯২০ জন শিক্ষার্থী রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা গ্রহণের সঙ্গে সঙ্গে আত্ম-উন্নয়নের অনবরত প্রচেষ্টাই কর্মজীবনে সাফল্য এনে দেবে। স্বপ্ন, শিক্ষা ও আত্ম-উন্নয়ন অনেক সময় সাফল্যের মূল ধারক ও বাহক।’
প্রফেসর ড. এম এম সোহরাব উদ্দিনের সঞ্চালনায় ওয়েবনিয়ারটিতে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, ছাত্র-ছাত্রী ও অন্যান্যরা সংযুক্ত ছিলেন।









