চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১৭ মার্চ রাজধানীর ৩২, তোপখানা রোডস্থ সমিতি ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শিশু-কিশোর প্রতিযোগী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে পুরো ভবন মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠান হল সাজানো হয় রঙ-বেঙের বেলুন দিয়ে। জাতীয় শিশু দিবসে একটি শিশুর জম্মদিনের মতো হইচই করেই বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়। ছবি এঁকে শিশুরা পেয়েছে পুরস্কার। অংশগ্রহণকারী সব প্রতিযোগীকেই দেওয়া হয়েছে বিশেষ পুরস্কার, নানান উপহার এবং বেঙ্গল বিস্কুটের সৌজন্যে বিস্কুট।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী নওফেল প্রতিযোগী শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, ‘ছোট্ট শিশু মনিরা আজকে যাঁর জন্মদিনে এখানে এসেছ, চিত্রাঙ্কন করেছ; তিনি আমাদের সবার প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা অনেক বড় হবে। বাড়ির ভেতরে শুধু বই নিয়ে পড়ে থাকবে না, ছাদে গিয়ে আকাশ দেখো। আকাশের মতো বিশাল হওয়ার চেষ্টা করবে।’
সাংগঠনিক সম্পাদক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সদস্য-সচিব অ্যাডভোকেট আনিচ উল মাওয়া (আরজু) এর সঞ্চালনায় চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সভাপতি জয়নুল আবেদীন জামাল সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো এবং বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. আনসারুল করিম। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শিল্পী স্বপন আচার্য ও ডিজাইনার চন্দ্রশেখর সাহা, জীবন সদস্য ও বিশিষ্ট আর্টিস্ট কল্লোল বড়ুয়া ছিলেন প্রতিযোগিতার সমন্বকারী। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ এবং ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করেন সমিতির সভাপতি জয়নুল আবেদীন জামাল এবং বিচারকদ্বয়কে উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানান সমিতির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. আনসারুল করিম ও ট্রাস্ট সেক্রেটারি মোজাম্মেল হক চৌধুরী।
উল্লেখ্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতার তিন বিভাগের ক-বিভাগ থেকে জাভের হোসেন, কর্ণিয়া হাসান ও জাফরিন ইসলাম যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান; খ-বিভাগ থেকে মোনালিসা, অর্পি বড়ুয়া ও ফাইরুজ ইসলাম যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান এবং গ-বিভাগ থেকে উরসিয়া, অরণ্য ও আফলাহ বিনতে জহির যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান লাভ করেন।








