বিশ্বব্যাপী উদযাপিত হলো ‘ওয়ালটন ডে’। দিনটি উপলক্ষে দেশ-বিদেশে ওয়ালটনের অফিস, সেলস আউটলেট ও সার্ভিস পয়েন্টগুলোতে ছিলো বর্ণাঢ্য আয়োজন। এদিন কর্মীদের জন্য সর্বোচ্চ প্রফিট-শেয়ার ঘোষণা করে কর্তৃপক্ষ।
রবিবার (২০ মার্চ) সকালে রাজধানীর করপোরেট অফিসে জাতীয় পতাকা এবং ওয়ালটন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী। সে সময় তিনি কর্মীদের জন্য ২০২০-২১ অর্থবছরের লভ্যাংশ (প্রফিট শেয়ারিং) ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম এবং পরিচালক এস এম মাহবুবুল আলম।
একই সঙ্গে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টারে জাতীয় পতাকা এবং ওয়ালটন পতাকা উত্তোলনের মাধ্যমে ‘ওয়ালটন ডে’ উদযাপনের সূচনা করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও গোলাম মুর্শেদ।
উল্লেখ্য, প্রতি বছর ওয়ার্কারস প্রফিট পার্টিশিপেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডের (ডব্লিউপিপিএফ) অর্থ কর্মীদের মাঝে সমভাবে বন্টন করে ওয়ালটন। পাশাপাশি সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে লাভের অংশ জমা দেওয়া হয়। চলতি বছর ওয়ালটন পরিবারের প্রত্যেক সদস্য প্রফিট শেয়ারিং ফান্ড থেকে ৩৯ হাজার ১৯৮ টাকা করে পেয়েছেন। যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে ২৬,১৩২ টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। আর সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে জমা হচ্ছে ৯ কোটি ২৯ লাখ ৬৫ হাজার ৩১৪ টাকা। সব মিলিয়ে ওয়ার্কারস প্রফিট পার্টিশিপেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডে ৯২ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ১৩৮ টাকা দিলো ওয়ালটন।
রোববার দিনের শুরুতেই করপোরেট অফিস, হেডকোয়ার্টারসহ দেশ-বিদেশে ওয়ালটনের সব অফিস এবং সেলস ও সার্ভিস আউটলেটগুলোতে বেলুন উড়ানো এবং শ্বেত কপোত অবমুক্ত করা হয়। কাটা হয় বিশালাকার কেক। সারা দেশে অনুষ্ঠিত হয় আনন্দ র্যালি। এছাড়া বৃক্ষরোপনসহ নানান সামাজিক-সাংস্কৃতিক আয়োজনে ওয়ালটন পরিবার দিনটি উদযাপন করে।









