ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরে টেকসই উন্নয়ন এবং সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে তৃতীয়বারের মতো শুরু হয় ‘গ্রিন জিনিয়াস’। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি)-এর পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এবং গ্রিন প্ল্যানেট ক্লাব যৌথভাবে এর আয়োজন করে।
রবিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী, ক্লাব সদস্য, অভিভাবক, আয়োজক কমিটি এবং অতিথিদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোভেলটি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাব আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইউবি’র পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. কে. আয়াজ রাব্বানী।
২০১৭ এবং ২০১৯ সালে গ্রিন জিনিয়াসের দুটি সফল আসরের পর, এ বছর দেশ এবং দেশের সীমানা ছাড়িয়ে ৫০টিরও বেশি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ প্রতিযোগী তিনটি বিভাগে অংশগ্রহণ করেন।
স্কুল ও কলেজ বিভাগ থেকে মোট ২৮ জন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় বিভাগ থেকে ৩২ জন শিক্ষার্থী প্রতিযোগিতার পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত অংশগ্রহণকারীরা সিম্পোজিয়াম রাউন্ডে পোস্টার প্রদর্শনীর মাধ্যমে তাদের ধারণা উপস্থাপন করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমন্ত্রিত বিচারকরা প্রতিযোগীদের আইডিয়া মূল্যায়ন করে তৃতীয় আসরের বিজয়ীদের বেছে নেন।
স্কুল অ্যান্ড কলেজ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে মো. মহিউদ্দিন সৌরভ। বিশ্ববিদ্যালয় ক্যাটিগরিতে বিজয়ী হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের রিশান আহমেদ। স্কুল ও কলেজ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে স্কলাস্টিকা স্কুলের জায়না ফারিন শাহেদ এবং তৃতীয় পুরস্কার পেয়েছে ঢাকা কলেজের ইয়াফাস ইউশা।
নর্থ সাউথ ইউনিভার্সিটির মোহাম্মদ যায়েদ ইকবাল খান বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী তন্ময় দাস তৃতীয় পুরস্কার অর্জন করেছে। এছাড়া আফ্রিকান লিডারশিপ ইউনিভার্সিটি, রোয়ান্ডা থেকে আরুনা বাঙ্গুরা আন্তর্জাতিক অংশগ্রহণকারী হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছেন।
সৈয়দা রিজওয়ানা হাসান তার বক্তব্যে পরিবেশ সংরক্ষণ এবং এতে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। গ্রিন প্ল্যানেট ক্লাবের ক্লাব উপদেষ্টা এবং পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র লেকচারার মো. ইখতেখারুল ইসলাম অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন।









