যুক্তরাজ্যভিত্তিক ‘গ্লোবাল ব্র্যান্ডস ম্যাগাজিন’ (জিবিএম)-এর ২০২২ সালের ফিনটেক পারসোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। এছাড়া সেরা উদ্ভাবনী ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্র্যান্ড হিসেবে পুরস্কার পেয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ।
বুধবার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অন্যতম সেরা ‘গ্লোবাল ব্র্যান্ডস ম্যাগাজিন’ সম্প্রতি তাদের দশম আয়োজনে এই পুরস্কার ঘোষণা করেছে। ফিনটেক, ব্যাংকিং, শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে উদ্ভাবন এবং কৃতিত্বের জন্য প্রতি বছর এই পুরস্কার দিয়ে আসছে ম্যাগাজিনটি। ম্যাগাজিনটি এ বছর এয়ারলাইন্স, ব্যাংক/ফাইন্যান্স, ফিনটেক, কনসাল্টিং, শিক্ষা, শিক্ষাপ্রযুক্তি, শেয়ার বাজার, ইনসিওরেন্স, ইনভেস্টমেন্ট, লিডারশিপ ও প্রযুক্তিসহ মোট ১১টি খাতে সেরা প্রতিষ্ঠানের পুরস্কার ঘোষণা করেছে।
এছাড়া সিঙ্গাপুরের রোবোক্যাশ গ্রুপের সের্গেই সেদভ অর্জন করেছেন ফাইন্যান্সিয়াল টেকনোলজি লিডার অব দ্য ইয়ার, চীনের অ্যান্ট গ্রুপের সায়মন হু অর্জন করেছেন বেস্ট ফাইন্যান্সিয়াল টেকনোলজি লিডার অ্যাওয়ার্ড, বেস্ট ফাইন্যান্স লিডার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন এমিরেটস এনবিডি’র সায়ান নেলসন এবং ভারতের পেটিএম’র বিজয় শেখর শর্মা অর্জন করেছেন বেস্ট ফিনটেক লিডার অ্যাওয়ার্ড।
নগদ-এর ব্যবস্থাপনা পরিচালককে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে আর্থিক অন্তর্ভুক্তিতে তার ভূমিকার বিষয়টি মূল বিষয় হিসেবে বিবেচনা করেছে জিবিএম। তিন বছরের পথচলায় তিনি নগদ-এর মাধ্যমে ছয় কোটির বেশি মানুষকে আর্থিক অন্তর্ভুক্তিতে আনতে সক্ষম হয়েছেন।
এ বিষয়ে তানভীর এ মিশুক বলেন, ‘আমি নিজে পুরস্কারের আশায় কাজ করি না। তবু পুরস্কার কাজের স্বীকৃতি। বিশ্বখ্যাত প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানকে সেরা উদ্ভাবনী ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে পুরস্কৃত করেছে। এতে আমি আনন্দিত। এই অর্জন মূলত আমার নিবেদিতপ্রাণ সহকর্মীদের, যাদের হাত ধরে আরও বেড়ে উঠবো আমরা।’









