এসএমই উদ্যোক্তাদের জন্য ই-লোন সেবা চালু করতে কুরিয়ার সার্ভিস প্ল্যাটফর্ম ডেলিভারি টাইগার এবং ফাইন্যান্স ও ক্রেডিট স্কোরিং প্ল্যাটফর্ম ডানা ফিনটেকের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে ব্র্যাক ব্যাংক।
এই চুক্তির মাধ্যমে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা (সিএমএসএমই), যারা ডেলিভারি টাইগারের মাধ্যমে সারা দেশে তাদের পণ্য বিতরণ করবে, ব্র্যাক ব্যাংক থেকে তারা প্ল্যাটফর্মভিত্তিক এসএমই ঋণ সুবিধা পাবে।
ডেলিভারি টাইগারের নিবন্ধিত সিএমএসএমইদের স্বল্পমেয়াদে এই ই-লোন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক। আর ডিজিটাল পদ্ধতিতে গ্রাহকদের অনবোর্ডিং ও ক্রেডিট স্কোরকার্ড তৈরি করতে ব্র্যাক ব্যাংককে প্রযুক্তিগত সহায়তা দেবে ডানা ফিনটেক।
২৫ মে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই অনুষ্ঠিত হয়। চুক্তিতে সই করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন, ডেলিভারি টাইগারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, ডানা ফিনটেকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী ইয়ার মোহাম্মদ। অনুষ্ঠানে আরও ছিলেন ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই ই-লোনের লক্ষ্য ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে দ্রুত ও সহজে অর্থায়ন প্রদান করা। ডেলিভারি টাইগার এবং ডানা ফিনটেক প্ল্যাটফর্ম এসএমইদের মার্চেন্ট পোর্টাল অথবা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই লোনের জন্য আবেদন করার সুবিধা দেবে।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন বলেন, ‘ব্র্যাক ব্যাংক সিএমএসএমইদের দ্রুত অর্থায়নের চাহিদা মেটাতে নতুন প্রযুক্তির ওপর জোর দিচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ ও দ্রুত অর্থায়ন সেবা নিশ্চিত করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’









