দেশের দ্বিতীয় হাসপাতাল হিসেবে ‘এনএবিএইচ’ আন্তর্জাতিক সনদ লাভ করেছে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল। এ উপলক্ষে হাসপাতালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীমের হাতে সনদপত্র হস্তান্তর করা হয়েছে।
স্বাস্থ্য সেবায় আন্তর্জাতিক এই স্বীকৃতি উদযাপনে কেক কেটে রোগীদের জন্য ‘বিশেষ সেবা সপ্তাহ’র উদ্বোধন করা হয়। এ সময় ছিলেন ল্যাবএইড গ্রুপের পরিচালক, বিশেষজ্ঞ চিকিৎসক, হাসপাতালের সিইও, মেডিক্যাল ডিরেক্টর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। ২ জুন থেকে শুরু হওয়া সেবা সপ্তাহ চলবে ৮ জুন পর্যন্ত। দেশজুড়ে ল্যাবএইডের ৩২টি শাখায় এই বিশেষ সেবাসপ্তাহ চলবে।
সম্প্রতি চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনাসহ স্বাস্থ্যসেবার সামগ্রিক সূচকে সুনির্দিষ্ট মান অর্জনের পরিপ্রেক্ষিতে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল এই স্বীকৃতি পেয়েছে। ‘ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেলথ কেয়ার প্রোভাইডারস (এনএবিএইচ)’-এর আন্তর্জাতিক শাখা এই স্বীকৃতি দেয়।









