ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান ‘নগদ ইসলামিক’-এর আয়োজনে ‘নগদ উদ্যোক্তাদের ‘সন্তানের কণ্ঠে কোরআন তিলাওয়াত’ গ্র্যান্ড ফিনালে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগীতায় তিন বিভাগে প্রথম পুরস্কার অর্জন করে কুমিল্লার সাকিবুল ইসলাম, বরিশালের মোহাম্মদ ফাহিমুর রহমান এবং ময়মনসিংহের মোহাম্মদ লাবিব আল হাসান। সোমবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ‘নগদ’-এর উদ্যোক্তা দুই লাখ। এই দুই লাখ উদ্যোক্তার সন্তানদের জন্য ‘নগদ ইসলামিক’ আয়োজন করে ‘সন্তানের কণ্ঠে কোরআন তিলাওয়াত’ শীর্ষক প্রতিযোগিতা।
প্রতিযোগিতার প্রথম ধাপে ১০টি অঞ্চলের প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিনটি বয়সভিত্তিক গ্রুপে। গ্রুপগুলো ছিল- ৩ থেকে ৬ বছর, ৭ থেকে ১১ বছর এবং ১২ থেকে ১৬ বছর বয়সভিত্তিক। এখানে ৬ হাজারেরও বেশি শিশু নিজ কণ্ঠে কোরআন তিলাওয়াত রেকর্ড করে পাঠায়। অনলাইনে এই ভিডিওগুলো পাঠানো হয়। এর প্রতিটি ভিডিও দেখে যাচাই-বাছাই করেছেন ‘নগদ ইসলামিক’-এর শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্যরা। তারা ৬ হাজার প্রতিযোগী থেকে ৩০ জন সেরা প্রতিযোগীকে বেছে নেন। প্রতিটি বয়সভিত্তিক গ্রুপ থেকে বেছে নেওয়া হয় ১০ জন করে শীর্ষ তিলাওয়াতকারী।
এই ৩০ জন তিলাওয়াতকারীকে নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয় ‘সন্তানের কণ্ঠে কোরআন তিলাওয়াত’ গ্র্যান্ড ফিনালে। এরপর প্রতিযোগিতার নিয়ম অনুসারে এখান থেকে বেছে নেওয়া হয় প্রতি বিভাগের তিন জন করে বিজয়ীকে। এই ৯ বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
প্রতিযোগিতায় ৩ থেকে ৬ বছর বয়সভিত্তিক গ্রুপে বিজয়ী হয় কুমিল্লার সাকিবুল ইসলাম (প্রথম), ময়মনসিংহের সুহাইবা ইসলাম রুশদা (দ্বিতীয়) এবং ঢাকা দক্ষিণের আমিনা রহমান মামনুন। ৭ থেকে ১১ বছর বয়সভিত্তিক গ্রুপে পুরস্কার জিতেছে বরিশালের ফাহিমুর রহমান (প্রথম), ময়মনসিংহের আবদুর রহমান ইয়াসিন (দ্বিতীয়) এবং বগুড়ার ফারিয়া আক্তার (তৃতীয়)। ১২ থেকে ১৬ বছর বয়সভিত্তিক গ্রুপে পুরস্কার জেতে ময়মনসিংহের লাবিব আল হাসান (প্রথম), বরিশালের নুহা ইসলাম মারিয়া (দ্বিতীয়) এবং ঢাকা উত্তরের মোহাম্মদ রায়হান হোসেন (তৃতীয়)।
বিচারকের দায়িত্বে ছিলেন শরীয়াহ সুপারভিজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি এবং শরিয়া সুপারভিজরি কমিটির সদস্য মাওলানা মুফতি মাহমুদুল হাসান মাদানী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন– ‘নগদ’-এর নির্বাহী পরিচালক এবং নগদ ইসলামিক শরিয়া সুপারভিসারি কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল হক, প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান এবং প্রধান বিক্রয় কর্মকর্তা মো. শিহাব উদ্দিন চৌধুরী।
মোহাম্মদ আমিনুল হক বলেন, ‘‘সম্পূর্ণ শরিয়াহ ভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে এই ধরনের আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এই আয়োজন মুসলমানদের কোরআন চর্চাকে আরও উদ্বুদ্ধ করবে। ‘নগদ ইসলামিক’ আগামীতেও এরকম আরও ভিন্নধর্মী আয়োজন করবে।’’









