রাজধানীর যমুনা ফিউচার পার্কে একটি শাখা চালু করছে পিৎজাহাট। আর এই শাখাটির সবকিছু নারীদের দিয়ে পরিচালিত হবে বলে ঘোষণা দিয়েছে ফাস্টফুড চেইনটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারীর কর্মশক্তিকে আরও ক্ষমতায়নের প্রতিশ্রুতি নিয়ে ‘সবার জন্য সমান স্লাইস’ নিশ্চিত করতে পিৎজাহাট বাংলাদেশে এই সাহসী উদ্যোগ নিয়েছে।
স্টোরটি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত থাপা। তিনি বলেন, ‘আজ আমি অনেক আনন্দিত যে, মেয়েদের দ্বারা পরিচালিত প্রথম একটি স্টোর খোলার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু করতে পেরেছি। এই আউটলেটে স্টোর ম্যানেজারসহ গ্রাহক পরিষেবা, দোকান পরিচালনা এবং খাদ্য প্রস্তুতি সবকিছু মেয়েদের দ্বারা পরিচালিত হবে।
পিৎজাহাটের প্রতি গ্রাহকদের ভালোবাসা এবং আস্থা নতুন কিছু করার অনুপ্রেরণা দেয় উল্লেখ করে তিনি বলেন, ‘পিৎজাহাট সবসময় নিজস্ব ব্র্যান্ড ও কমিউনিটির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এবং এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামী দিনে মেয়েদের দ্বারা পরিচালিত স্টোর আরও খোলার উদ্যোগ নেওয়া হবে।’









