পণ্য উন্নয়ন এবং শিল্প প্রকৌশলে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মেইড ইন বাংলাদেশ উইক-২০২২’-এ বিশেষ পুরস্কার পেয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্নোটেক্স গ্রুপ। রবিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের পক্ষে স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বে বাণিজ্যের প্রসারে সপ্তাহব্যাপী ‘মেইড ইন বাংলাদেশ উইক-২০২২’এর আয়োজন করেছে বিজিএমইএ। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন– প্রধানমন্ত্রীর বেসরকারি ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এসএম মান্নান কচি এবং সহ-সভাপতি শহীদুল্লাহ আজিমসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর শুরু হওয়া সপ্তাহব্যাপী ‘মেইড ইন বাংলাদেশ উইক ২০২২’ শেষ হবে ১৬ নভেম্বর। মেইড ইন বাংলাদেশের এই মেগা ইভেন্টে অংশ নিতে পোশাক খাতের বিদেশি ৫৫০ ব্র্যান্ড ও ক্রেতা প্রতিনিধি ঢাকায় এসেছেন।









