জাপান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে জাপানের দূতাবাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ যৌথভাবে ‘জাপান অ্যান্ড বাংলাদেশ-এ গ্রুপ আর্ট এক্সিবিশন’ নামে একটি শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে। দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ এই আয়োজনের অন্যতম সহযোগী।
শনিবার (১৭ ডিসেম্বর) শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চালু থাকবে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মাসিদা তাতসুয়া এবং গেস্ট অব অনার হিসেবে ছিলেন বিকাশ’র চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর। এ সময় আরও উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.)-সহ শিল্পাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
ছয় দিনব্যাপী এ প্রদর্শনীতে জাপানী শিল্পী মিও সাতো, ইকেদা ইয়োশিতো, কোতা নাকামুরা, শিউয়োশি উরিউ, এরিনা মাতসুই, আকিও উই, আজুসা কোবায়াশি এবং বাংলাদেশি শিল্পী মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, মোস্তাফিজুল হক, নিসার হোসেইন, শেখ আফজাল, মোহাম্মদ ইকবাল, আনিসুজ্জামান, মাকসুদা ইকবাল নিপা, নাজমুন নাহার কেয়ার দুটি করে বিভিন্ন মাধ্যমে মোট ৩২টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।









