ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) স্প্রিং-২০২৩ সেমিস্টার উপলক্ষে শুরু হয়েছে ভর্তি মেলা। বুধবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে ভর্তি মেলার উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
উপাচার্য জানান, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিতে আইএসইউ বদ্ধপরিকর। আইএসইউ মানসম্পন্ন শিক্ষার পাশাপাশি পড়াশোনা চলাকালীন পার্ট-টাইম এবং যোগ্য শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশনের পর চাকরির সুযোগ করে দিচ্ছে। তাই ২০১৮ সালে যাত্রার শুরু থেকে আইএসইউ বিশ্বমানের শিক্ষক, আধুনিক ক্যাম্পাস ও ব্যবহারিক শিক্ষার জন্য বিভিন্ন ল্যাব, ক্লাব নিশ্চিত করেছে। আইএসইউ’র ক্লাস কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে।
৪-২০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভর্তি মেলার কার্যক্রম। ১৪টি ক্যাটাগরিতে বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বিএসসি ইন সিএসই ও বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংসহ এমবিএ ও এমএ ইন ইংলিশ প্রোগ্রামে ভর্তি আগ্রহীদের জন্য রয়েছে টিউশন ফি থেকে সর্বনিম্ন ৩০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ওয়েভার, স্কলারশিপসহ নানা সুযোগ-সুবিধা। এছাড়াও থাকছে ইলেক্ট্রনিক গেজেটসহ আকর্ষণীয় উপহার।
অনুষ্ঠানে আরও ছিলেন– ইউনিভার্সিটির ট্রেজারার (ভারপ্রাপ্ত), এইচটিএম কাদের নেওয়াজ, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে আহমেদ আলম, রেজিস্ট্রার মো. লুৎফর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. অলি আহাদ ঠাকুর, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া, এডমিশন ডিরেক্টর মো. গিয়াস উদ্দিন প্রমুখ।









