সিটি ব্যাংক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এই চুক্তির অধীনে উভয় প্রতিষ্ঠান কৃষি উৎপাদন ও এর গুণমান, সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনের লক্ষ্যে কৃষি ক্ষেত্রে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে একসঙ্গে কাজ করবে।
সিটি ব্যাংক চলতি বছরে একটি বড় অংকের অর্থ কৃষি গবেষণা ও বাংলাদেশের কৃষি উন্নয়নে ব্যয় করবে। উচ্চ শিক্ষায় কৃষি গবেষণার সক্ষমতা বৃদ্ধি, সহযোগিতামূলক কৃষি উন্নয়ন গবেষণা ও উদ্ভাবন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে এই অর্থ ব্যয় করা হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের মাধ্যমে এ কার্যক্রম সম্পাদিত হবে।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে আরও ছিলেন– অধ্যাপক ড. এ কে এম মমিনুল ইসলাম, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. জয়নুল আবেদিন, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ মাহবুবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।









