বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিয়ে ঢাকায় প্রথমবারের মতো ‘ইনক্লুসন সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সের সহযোগিতায় সিম্পোজিয়ামটির আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)।
সিম্পোজিয়ামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রয়োজনের ওপর আলোকপাত করার পাশাপাশি দেশের স্কুলগুলোতে সব ধরনের শিক্ষার্থীর অন্তর্ভুক্তি কীভাবে বাড়ানো যায়, এ বিষয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিকূলতা অতিক্রম করে নিজেদের সকল সম্ভাবনার বিকাশ এবং দক্ষতা অর্জনের জন্য মানসম্পন্ন শিক্ষা গ্রহণের সুযোগ থাকা প্রতিটি শিশুর অধিকার।
শুক্রবার (৩ মার্চ) আইএসডি ক্যাম্পাসে এই ইনক্লুশন সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনক্লুশন এক্সপার্টের প্রধান নির্বাহী ড্যানিয়েল সোবেল।
এছাড়াও, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, আঞ্চলিক পর্যায় ও দেশ, ইউনেস্কো, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নে উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি। তিনি ‘এস্টাবলিশিং দ্য ইনক্লুসিভ ক্লাসরুম’ ও ‘হাউ টু ট্যাকল দ্য মোস্ট চ্যালেঞ্জিং সিনারিওস’ শীর্ষক দু’টি কর্মশালা পরিচালনা করেন।
সিম্পোজিয়ামে আইএসডি ফ্যাকাল্টি এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা মোট ২৫টি কর্মশালা পরিচালনা করেন। বিভিন্ন এনজিও থেকে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিএইচডব্লিউসি-এর কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ড. আশিক সেলিম, ইনার সার্কেল প্রাইভেট লিমিটেডের ক্লিনিক্যাল হেড থুজি গ্রেস, হোয়াইট লজ সার্ভিসেসের প্রতিষ্ঠাতা জেইন নাদারাজু, এস্পায়ার সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এর প্রতিষ্ঠাতা পরিচালক নাজিশ আরমান, সুচনা ফাউন্ডেশনের প্রণয় ভূঁইয়া এবং দ্য গিল্ড ইন্টারন্যাশনাল কলেজের সহ-প্রতিষ্ঠাতা গণেশ কানাপাথি প্রমুখ।









