রাজধানীর গুলশানে বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) ল্যান্ডমার্কে অনুষ্ঠিত হয়ে গেলো ‘বিটিআই-ডেইলি স্টার স্টেলার উইমেন’ অ্যাওয়ার্ড। শনিবার (১১ মার্চ) ছিল এ আয়োজন।
অনুষ্ঠানে ছিলেন বিটিআই’র ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান। এছাড়াও ছিলেন দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সমাজের বিভিন্ন পর্যায়ে উদীয়মান, নবীন ও সম্ভাবনাময় নারীদের সম্মানিত করতে প্রথমবারের মতো এ আয়োজন করলো বিটিআই ও দ্য ডেইলি স্টার। আয়োজনে ১২ মাসে ১২টি ক্যাটাগরিতে ১২ জন নারীকে বছরজুড়ে সম্মাননা দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসের নির্ধারিত ‘টেকনোলজি সেক্টর’ ক্যাটাগরিতে বিজয়ী ‘স্টেলার ওম্যান’কে সম্মাননা দেওয়া হয়েছে। এই ক্যাটাগরিতে ‘মার্কোপোলো এআই’র কর্ণধার তাসফিয়া তাসবিনের হাতে পুরস্কার তুলে দেন বিটিআই’র ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান এবং ডেইলি স্টারের ফিচার এডিটর রাফফাত বিনতে রশীদ।
মার্কোপোলো ভাষাভিত্তিক এআই মডেলের মাধ্যমে বিভিন্ন ছোট ও মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠানকে সাশ্রয়ী ও গুণগত মানের ডিজিটাল মার্কেটিং সেবা দিচ্ছে। এতে করে যেসব নারী উদ্যোক্তা তাদের ব্যবসার পরিধি বাড়াতে চান, তারা মার্কোপোলোর মাধ্যমে উপকৃত হবেন।
সম্মাননা গ্রহণের পর তাসফিয়া তাসবিন বলেন, ‘আমাদের দেশে টেকনোলজি সেক্টরে যেখানে নারীর অংশগ্রহণ তুলনামূলক কম, সেখানে মার্কোপোলো নিয়ে আমি এবং আমার টিম বহুদূর এগিয়ে যেতে যাই।’
এফ আর খান বলেন, ‘বিটিআই বরাবরই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। এই উদ্যোগের মাধ্যমে সমাজের জন্য কাজ করা ও জাতি বিনির্মাণে ভূমিকা রাখা সব নারীকে সম্মাননা দেওয়া হবে, যাতে তারা আরও অনুপ্রাণিত হতে পারেন। অনুপ্রাণিত করতে পারেন অন্য নারীদের।’
গত ২৯ নভেম্বর বিটিআই’র প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।









