দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানপ্রধানদের উপস্থিতিতে স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। দেশের স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মের সেবাগ্রহীতাদের পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সম্মানিত করা ও ধন্যবাদ দেওয়াই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।
সোমবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর পাঁচ তারকা হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে সম্মানিত অতিথি, সেবাগ্রহীতা, ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা সহযোগী জেরীন মাহমুদ হোসেন (সিপিএ, এফসিএ) অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন। এরপর স্মৃতিচারণাসহ বর্ষপূর্তির বিষয়ভিত্তিক বক্তব্য দেন প্রতিষ্ঠানটির আরেক প্রতিষ্ঠাতা সহযোগী স্নেহাশীষ বড়ুয়া (এফসিএ, এসিএ, আইসিএইডব্লিউ)। এ সময় তিনি ‘সার্বিক কার্যক্রম’-এর ওপর সংক্ষিপ্ত বিবরণী উপস্থাপন করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ড. আব্দুল মান্নান সিকদার, আইসিএবির সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান (এফসিএ), এফআইসিসিআইয়ের সভাপতি নাসের এজাজ বিজয়।
এ সময় বক্তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পেশাদারত্ব, নৈতিকতা ও সততার সঙ্গে সর্বোচ্চ মানের সেবা দেওয়ার জন্য স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানিকে অভিনন্দন জানান। নীতিনির্ধারণী সংলাপ আদান-প্রদানের মাধ্যমে জাতীয় অর্থনীতির সার্বিক ব্যবস্থাপনায় ফার্মটির অসামান্য অবদান এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন ফোরামের থিংক ট্যাংক হয়ে ওঠার বিষয়ে আলোচনা হয়।
স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির সঙ্গে সুদীর্ঘ সময় কাজ করার জন্য সেবাগ্রহীতাদের সম্মাননা দেওয়া হয়। আর্টিকেলশিপের সময়সীমা অতিক্রান্ত হওয়ার আগেই মাত্র দুই বছরের মধ্যেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ডিগ্রি অর্জন করায় স্বীকৃতিস্বরূপ শহিদুল আলম রবিকে অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয়। এ ছাড়া যেসব কর্মকর্তা-কর্মচারী ফার্মের প্রতিষ্ঠালগ্ন থেকে কর্মরত আছেন, তাদের ‘সুদীর্ঘ সেবা পুরস্কার’ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সহযোগী সুকান্ত ভট্টাচার্য্য (এফসিএ)। পরে জমকালো নৈশভোজ, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।









