রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে রোজাদার সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ। মঙ্গলবার (১১ এপ্রিল) ছিল এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদের পরিচালক ড. আবুল কালাম আজাদ। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখার পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. তাপস চন্দ্র পাল। সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইফতার বিতরণ অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম খন্দকার।
ড. তাপস চন্দ্র পাল বলেন, ‘এই সংগঠনের উদ্দেশ্য হলো কল্যাণমূলক কাজ করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পরিপালনে আমরা বদ্ধ পরিকর। তাই আমরা আজ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই ইফতার বিতরণের আয়োজন করেছি।’
লায়ন হামিদুল আলম সখা বলেন, ‘কল্যাণমুখী কাজের প্রথম পদক্ষেপ হিসেবে সাধারণ মানুষের মধ্যে আমাদের এই ইফতার বিতরণ করা।’
প্রধান অতিথি সংগঠনের উপদেষ্টা ড. আবুল কালাম আজাদ বলেন, ‘এই সংগঠনের মূল লক্ষ্য হলো সব ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণে কাজ করা। সব ব্যাংকের চৌকস কর্মকর্তারা এগিয়ে এলে ব্যাংকারদের দীর্ঘদিনের স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যাবে।’
অনুষ্ঠানে আরও ছিলেন ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাবের সহ-সভাপতি কুদরত এ হায়াত খান, যুগ্ম সাধারণ সম্পাদক সনজিত কুমার বণিক, কোষাধ্যক্ষ আবু জাফর মো. মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও ইফতার বিতরণ অনুষ্ঠান উপকমিটির সদস্য সচিব আনিচ মুন্সী প্রমুখ।









