ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ বলেছেন, ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি (এটিএস) এক্সপোতে দেশি-বিদেশি শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা।
গোলাম মুর্শেদ বলেন, ‘এক্সপোতে একই ছাদের নিচে ওয়ালটনের সর্বাধুনিক উৎপাদন কেন্দ্রে তৈরি আন্তর্জাতিক মানের ৫০ হাজারেরও বেশি শিল্পজাত উপকরণ ও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। এতে স্থানীয় ও বহুজাতিক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে ওয়ালটন প্রায় দুইশ’ ৫০ কোটি টাকা মূল্যের ক্রয়াদেশ পেয়েছে।’
তিনি জানান, দেশি-বিদেশি বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, বাণিজ্য সচিব, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সরকারি-বেসরকারি সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও দেশের তরুণ উদ্যোক্তারা মেলা পরিদর্শন করেন। এই উদ্যোগ সর্বমহলে প্রসংশিত হয়েছে।
ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আয়োজনের মূল লক্ষ্য ছিল দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর কাছে আমদানি বিকল্প গুণগতমানের শিল্পজাত উপকরণ ও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা তুলে ধরা। এর মাধ্যমে আমাদনি নির্ভরতা কমিয়ে দেশীয় শিল্পের ক্ষমতায়ন বৃদ্ধি করা। সেই বিবেচনায় সফল হয়েছে ওয়ালটনের এই শিল্পমেলা।’
সংবাদ সম্মেলনে আরও ছিলেন– ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার দিদারুল আলম খান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. তানভীর রহমান, তোফায়েল আহমেদ ও মোহাম্মদ শাহজাদা সেলিম এবং সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।









