বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অনুমোদিত বিশেষ দুইটি শিল্পাঞ্চলে ৫৮ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের তথ্য জানিয়েছে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক শিল্পগোষ্ঠী এস. আলম গ্রুপ। এর মধ্যে বিদ্যুৎখাতে ৩৫ হাজার কোটি টাকা, এইচ.আর কয়েল খাতে ১৫ হাজার কোটি টাকা, ডিআরআই প্ল্যান্ট খাতে ৭ হাজার ৫ শ কোটি টাকা। রবিবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় এস আলম গ্রুপ।
এতে বলা হয়, প্রাইভেট ইকোনমিক জোন দুটির ডেভেলপমেন্টে ৫০০ কোটি টাকারও বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন এই বিশেষ অর্থনৈতিক শিল্পাঞ্চল দুটির কার্যক্রম শুরু হলে ৫০ হাজারের বেশি নতুন কর্মসংস্থান তৈরিসহ বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও সরকারের ব্যাপক রাজস্ব আহরণের নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়, চট্টগ্রামের বাঁশখালীর আলোকদিয়ায় ১৮৪ একর জমির ওপর গড়ে উঠছে ‘বাঁশখালী এস. আলম ইকোনমিক জোন ১’। এখানে মোট বিনিয়োগ করা হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। প্রকল্পটি পুরোপুরি গড়ে তোলার পর এখানে সরাসরি ৫ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে।
এছাড়া, ‘বাঁশখালী এস. আলম ইকোনমিক জোন ২’ বেজা কর্তৃপক্ষের কাছ থেকে প্রাথমিক অনুমোদনের পর চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় বাস্তবায়নাধীন রয়েছে। এই প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে ২৫৯ একর জুড়ে এবং এতে বিনিয়োগ করা হচ্ছে ২২ হাজার ৫০০ কোটি টাকা। প্রকল্পটি পুরোপুরিভাবে বাস্তবায়িত হলে সেখানে ৪০ হাজারের বেশি কর্মসংস্থান ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সাশ্রয় হবে প্রচুর বৈদেশিক মুদ্রা।
এস. আলম গ্রুপের উদ্যোগে এই ইকোনমিক জোনগুলোতে ইতোমধ্যে ১টি গ্রিন স্টিল প্রজেক্ট ও ১টি গ্রিন কম্বাইনড সাইকেল এলএনজি অ্যান্ড হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট প্রতিষ্ঠার জন্য নির্বাচিত করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান। এটি বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, লাইসেন্স প্রদান, পরিচালনা, ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ করার জন্য দায়িত্ব ও ক্ষমতা প্রাপ্ত। শিল্পখাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও বিকেন্দ্রিকরণের উদ্দেশ্যে ২০৩০ সালের মধ্যে সারাদেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে বাংলাদেশ সরকারের। বেজা এখন পর্যন্ত সরকারি, বেসরকারি, পিপিপি, জিটুজিসহ ৬ ধরনের ৯৭টি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছে এবং ২৯টি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নাধীন রয়েছে।









