বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. তৌহিদুল আলম খান। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) যোগদান করেছেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকিং খাতে ৩১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকার ওই পদে যোগদানের আগে প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরে ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। তিনি প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, মধুমতি ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকে সিবিও, সিআরও ও ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দেশীয় ব্যাংকগুলোর মধ্যে তার নেতৃত্বেই প্রথম শরিয়াহ্ ভিত্তিক সিন্ডিকেশন বিনিয়োগ চুক্তি এবং সূচনাকালীন সময়ে সবচেয়ে বড় সিন্ডিকেশন টার্ম লোন সম্পাদনের মাধ্যমে অগ্রগণ্য ভূমিকা পালন করেন। তিনি আইসিএমএবির একজন ফেলো সদস্য এবং বাংলাদেশের প্রথম সনদধারী সাসটেইনেবিলিটি রিপোর্টিং অ্যাস্যুরার (সিএসআরএ)।
মো. তৌহিদুল আলম খান তার লেখার স্বীকৃতিস্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও সম্মেলনে অবদান রেখেছেন।









