তিন দিনব্যাপী ‘সুপণ্য সমাহার পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোগ মেলা ২০২৪’-এর পর্দা নামলো। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলা শেষ হয় শনিবার (১০ ফেব্রুয়ারি)। পল্লী কর্ম-সহায়ক ফাইন্ডেশনের (পিকেএসএফ) সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের (এসইপি) উদ্যোগে এ আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার মেলা উদ্বোধন করেন পিকেএসএফ চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। মেলায় প্রকল্প সহায়তাপ্রাপ্ত ৭৭ জন উদ্যোক্তার স্টলের পাশাপাশি ছিল প্রকল্প বাস্তবায়নকারী পিকেএসএফ’র ৪৭ সহযোগী সংস্থার স্টল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এ তিন দিনে প্রায় এক কোটি টাকার বিক্রয় ও অর্ডার হয়েছে।
মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, ‘২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে উন্নত বিশ্বের সঙ্গে আমাদের তালমিলিয়ে এগিয়ে যেতে হবে। গ্রামীণ সাধারণ মানুষকে পিছিয়ে রেখে উন্নত হওয়ার সুযোগ নেই। টেকসই দারিদ্র্য বিমোচনের জন্য প্রয়োজন ক্ষুদ্র উদ্যোগ উন্নয়ন।’
সমাপনী অনুষ্ঠানের সভাপতি পিকেএসএফ’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, ‘দরিদ্র জনগোষ্ঠীকে উৎপাদনের মূলধারায় সম্পৃক্ত করতে এবং তাদের কাজগুলোকে টেকসইকরণের লক্ষ্যে নিরলস কাজ করছে পিকেএসএফ।’
প্রকল্পের আওতাধীন ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষুদ্র উদ্যোগ ও ব্যবসা সম্প্রসারণে উৎসাহিত করতে চারটি ক্যাটিগরিতে পুরস্কার দেওয়া হয়। এ পর্বে শ্রেষ্ঠ পরিবেশবান্ধব উদ্যোক্তা হিসেবে ঠাকুরগাঁওয়ের কংক্রিট ব্লক উৎপাদনকারী রবিউল ইসলাম, শ্রেষ্ঠ নারীবান্ধব উদ্যোক্তা রংপুরের হস্তশিল্প পণ্য উৎপাদনকারী জুয়েনা ফেরদৌস মিতুল, শ্রেষ্ঠ কর্মীবান্ধব উদ্যোক্তা নারায়ণগঞ্জের জামদানি উৎপাদনকারী মো. রুবেল মিয়া এবং শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হিসেবে যশোরের ফুল চাষী সাজেদা খাতুন পুরস্কার লাভ করেন।









