শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সাস্ট ফিজিক্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে প্রথম বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সরাসরি ভোটে দুই বছর মেয়াদি ৪১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। দেশ ও দেশের বাইরে অবস্থানরত শিক্ষার্থীরাও অনলাইনে সরাসরি যুক্ত হয়ে ভোট দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তখ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯০ সালে পদার্থ বিজ্ঞানসহ তিনটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রথম ব্যাচ বের হওয়ার তিন দশক পর গঠন করা হলো এই কমিটি। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী প্রফেসর নাজিয়া চৌধুরী। মোহাম্মদ খুরশেদ আলম সাধারণ সম্পাদক এবং শরফুদ্দীন আহমেদ তারেক কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন।









