সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের জন্য ‘স্কুল: মোবাইল ফিল্মমেকিং’ শীর্ষক ওয়ার্কশপের আয়োজন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ)। গত ১২, ১৩, ১৯ ও ২০ সেপ্টেম্বর কর্মশালা অনুষ্ঠিত হয়। চার দিনব্যাপী এ ওয়ার্কশপের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে সৃজনশীল চলচ্চিত্র নির্মাণের প্রাথমিক ধারণা ও ব্যবহারিক কৌশল শেখানো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কর্মশালায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির মোট ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারীদের ১০টি দলে বিভক্ত করে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রতিটি দল একটি করে এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ করে। এই চলচ্চিত্রগুলো ডিআইএমএফএফ’র ‘ওয়ান মিনিট’ বিভাগে জমা দেওয়া হবে এবং ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে।
কর্মশালার প্রশিক্ষক মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ শিক্ষার্থীদের প্রি-প্রডাকশন থেকে পোস্ট-প্রডাকশন পর্যন্ত চলচ্চিত্র নির্মাণের সব ধাপ যেমন গল্প তৈরি, শট বিভাজন, চিত্রগ্রহণ ও সম্পাদনা সম্পর্কে নির্দেশনা দেন।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিআইএমএফএফ উপদেষ্টা সৈয়দা সাদিয়া মেহজাবীন এবং সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ব্রাদার চন্দন বি. গোমেজ। ব্রাদার গোমেজ বলেন, এই কর্মশালা শিক্ষার্থীদের জন্য চলচ্চিত্র নির্মাণের মতো সৃজনশীল শিল্পে প্রবেশের একটি অনন্য সুযোগ সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৫ সালে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) একটি আউটরিচ কার্যক্রম হিসেবে যাত্রা শুরু করে। ‘নিউ জেনারেশন, নিউ টুল অ্যান্ড নিউ কমিউনিকেশন’ এই মূলমন্ত্রকে ধারণ করে মোবাইল ফোনের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণকে জনপ্রিয় করাই উৎসবের প্রধান লক্ষ্য। ১২তম ডিআইএমএফএফ-এ চলচ্চিত্র জমা দেওয়ার নিয়মিত শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর এবং অতিরিক্ত সময়সীমা ২৪ অক্টোবর পর্যন্ত।









